CTET Paper-II Bengali July 2019 এর প্রশ্নগুলির উত্তর করে দেওয়া আছে। Central Teacher Eligibility Test এর প্রশ্নগুলি কেমন ধরণের হতে পারে, সে ধারণা পেতে সালের প্রশ্নগুলির অনুশীলন করা জরুরী।
CTET এ যে দুটি Language রাখতে হয়, তার মধ্যে একটি বাংলা রাখতে পারেন। এ বিষয়ে খুব সহজেই score করতে পারবেন। বাংলাকে যদি Language I নির্বাচন করেন, তাহলে 91 থেকে 120 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আর আপনি যদি Language II নির্বাচন করেন তবে 121 থেকে 150 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এখানে LANGUAGE–I এ গদ্য থেকে 9 এবং পদ্য থেকে 6 মোট 15 নম্বর এবং LANGUAGE–II এ দুটি গদ্যাংশ থেকে 8+7 মোট 15 নম্বর। অর্থাৎ LANGUAGE–I এবং LANGUAGE–II মিলিয়ে সর্বমোট 30 নম্বরের প্রশ্নোত্তর আলোচিত হয়েছে।
PART- IV, LANGUAGE–I, BENGALI
যে-সব পরীক্ষার্থী বাংলা কে ভাষা- I হিসাবে নির্বাচিত করেছেন, তাঁরা অবশ্যই ভাগ-IV (91 থেকে 120 নং প্রশ্ন)-এর উত্তর দেবেন।
নির্দেশ:– নিম্নলিখিত গদ্যটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
যাহা অসংগত তাহাতে মানুষের দুঃখ পাওয়া উচিত ছিল, হাসি পাইবার কোনো অর্থই নাই। পশ্চাতে যখন চৌকি নাই তখন চৌকিতে বসিতেছি মনে করিয়া কেহ যদি মাটিতে পড়িয়া যায় তবে তাহাতে দর্শকবৃন্দের সুখানুভব করিবার কোনো যুক্তিসংগত কারণ দেখা যায় না। এমন একটা উদাহরণ কেন, কৌতুকমাত্রেরই মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত।
আমরা কথায় কথায় সেদিন ইহার একটা কারণ নির্দেশ করিয়াছিলাম। আমরা বলিয়াছিলাম, কৌতুকের হাসি এবং আমোদের হাসি একজাতীয়, উভয় হাস্যের মধ্যেই একটা প্রবলতা আছে। তাই আমাদের সন্দেহ হইয়াছিল যে, হয়তো আমোদ এবং কৌতুকের মধ্যে একটা প্রকৃতিগত সাদৃশ্য আছে; সেইটে বাহির করিতে পারিলেই কৌতুকহাস্যের রহস্যভেদ হইতে পারে। সাধারণ ভাবের সুখের সহিত আমোদের একটা প্রভেদ আছে। নিয়মভঙ্গে যে একটু পীড়া আছে সেই পীড়াটুকু না থাকিলে আমোদ হইতে পারে না। আমোদ জিনিসটা নিত্যনৈমিত্তিক সহজ নিয়মসংগত নহে; তাহা মাঝে মাঝে এক-এক দিনের; তাহাতে প্রয়াসের আবশ্যক। সেই পীড়ন এবং প্রয়াসের সংঘর্ষে মনের যে-একটা উত্তেজনা হয় সেই উত্তেজনাই আমাদের প্রধান উপকরণ।
আমরা বলিয়াছিলাম, কৌতুকের মধ্যেও নিয়মভঙ্গজনিত একটা পীড়া আছে; সেই পীড়াটা অতি অধিক মাত্রায় না গেলে আমাদের মনে যে একটা সুখকর উত্তেজনার উদ্রেক করে, সেই আকস্মিক উত্তেজনার আঘাতে আমরা হাসিয়া উঠি। যাহা সুসংগত তাহা চিরদিনের নিয়মসম্মত, যাহা অসংগত তাহা ক্ষণকালের নিয়মভঙ্গ। যেখানে যাহা হওয়া উচিত সেখানে তাহা হইলে তাহাতে আমাদের মনের কোনো উত্তেজনা নাই, হঠাৎ, না হইলে কিম্বা আর-একরূপ হইলে সেই আকস্মিক অনতিপ্রবল উৎপীড়নে মনটা একটা বিশেষ চেতনা অনুভব করিয়া সুখ পায় এবং আমরা হাসিয়া উঠি। সেদিন আমরা এই পর্যন্ত গিয়াছিলাম-আর বেশি দূর যাই নাই। কিন্তু তাই বলিয়া আর যে যাওয়া যায় না তাহা নহে। আরও বলিবার কথা আছে।
শ্রীমতী দীপ্তি প্রশ্ন করিয়াছেন যে, আমাদের চার পণ্ডিতের সিদ্ধান্ত যদি সত্য হয় তবে চলিতে চলিতে হঠাৎ অল্প হুঁচট খাইলে কিম্বা রাস্তায় যাইতে অকস্মাৎ অল্পমাত্রায় দুর্গন্ধ নাকে আসিলে আমাদের হাসি পাওয়া, অন্তত, উত্তেজনাজনিত সুখ অনুভব করা উচিত।
MCQ প্রশ্নোত্তর
CTET Paper-II Bengali July 2019 MCQ প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।
1. শূন্যস্থান পূরণ করুন
সাধারণ ভাবে ——— সহিত ———– একটা প্রভেদ আছে।
(A) খুশির, দুঃখের
(B) উল্লাসের, যন্ত্রণার
(C) আনন্দের, বেদনার
(D) সুখের, আমোদের
উত্তর👈
(D) সুখের, আমোদের
2. ‘পীড়ন শব্দের’ সঠিক প্রতিশব্দ নির্বাচন করুন –
(A) দুঃখ কষ্ট
(B) মনোমালিন্য
(C) অত্যাচার
(D) প্রেম
উত্তর👈
(C) অত্যাচার
3. ‘সুসংগত’ খর বিপরীতার্থ কি?
(A) বিন্যস্ত
(B) অসংগত
(C) দ্রুতগামী
(D) চটুল
উত্তর👈
(B) অসংগত
4. আলোচ্য গদ্যে কে প্রশ্ন করেছিলেন?
(A) ক্ষিতী
(B) শ্রীমতী স্রোতস্বিনী
(C) ব্যোমনাথ
(D) শ্রীমতী দীপ্তি
উত্তর👈
(D) শ্রীমতী দীপ্তি
5. আলোচ্য গদ্যে ‘কৌতুক’ শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে?
(A) চারবার
(B) ছয় বার
(C) পাঁচ বার
(D) তিন বার
উত্তর👈
(C) পাঁচ বার
6. আলোচ্য গদ্য অনুসারে নিম্নলিখিত বাক্যগুলির সঠিক ক্রম নির্বাচন করুন:
ক) এমন একটা উদাহরণ কেন, কৌতুকমাত্রেরই মধ্যে এমন একটা পদার্থ আছে যাহাতে মানুষের সুখ না হইয়া দুঃখ হওয়া উচিত।
খ) আরও বলিবার কথা আছে।
গ) যাহা সুসংগত, তাহা চিরদিনের নিয়ম সম্মত, যাহা অসংগত তাহা ক্ষণকালের নিয়ম ভঙ্গ।
ঘ) আমোদ জিনিসটা নিত্যনৈমিত্তিক সহজ নিয়মসংগত নহে; তাহা মাঝে মাঝে এক-এক দিনের; তাহাতে প্রয়াসের আবশ্যক।
(A) ঘ➡️গ➡️খ➡️খ
(B) ক➡️ঘ➡️গ➡️খ
(C) খ➡️ক➡️গ➡️ঘ
(D) গ➡️ক➡️ঘ➡️খ
উত্তর👈
(B) ক➡️ঘ➡️গ➡️খ
7. ‘কৌতুক-হাস্য’ শব্দটি নিম্নলিখিত কোন সমাসের অন্তর্গত?
(A) দ্বন্দ্ব সমাস
(B) দ্বিগু সমাস
(C) তৎপুরুষ সমাস
(D) কর্মধারয় সমাস
উত্তর👈
(A) দ্বন্দ্ব সমাস
“কৌতুক ও হাস্য” এই ব্যাস বাক্যের দ্বারা দ্বন্দ্ব সমাস। আবার “কৌতুক মিশ্রিত হাস্য” এই ব্যাস বাক্যের দ্বারা (মধ্যপদলোপী) কর্মধারয় সমাসও হবে।
8. বাক্য সম্পূর্ণ করুন-
কৌতুকমাত্রেরই মধ্যে এমন একটা পদার্থ আছে, যাহাতে মানুষের সুখ না হইয়া—
(A) মজা পাওয়া উচিত
(B) আনন্দ হওয়া উচিত
(C) দুঃখ হওয়া উচিত
(D) খুশি পাওয়া উচিত
উত্তর👈
(C) দুঃখ হওয়া উচিত
9. আলোচ্য গদ্যের ভাষারূপ কি?
(A) সাধু
(B) চলিত
(C) মিশ্র
(D) গুরুচণ্ডালী
উত্তর👈
(A) সাধু
নির্দেশ:– নিম্নলিখিত কবিতাটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
আঠারো বছর বয়স কী দুঃসহ
স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
আঠারো বছর বয়সেই অহরহ
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।
আঠারো বছর বয়সের নেই ভয়
পদাঘাতে চায় ভাঙতে পাথর বাধা,
এ বয়সে কেউ মাথা নোয়াবার নয়
আঠারো বছর বয়স জানে না কাঁদা।
এ বয়স জানে রক্তদানের পুণ্য
বাষ্পের বেগে স্টিমারের মতো চলে,
প্রাণ দেওয়া-নেওয়া ঝুলিটা থাকে না শূন্য
সঁপে আত্মাকে শপথের কোলাহলে।
10. “স্পর্ধায় নেয় মাথা তোলবার ঝুঁকি,
বিরাট দুঃসাহসেরা দেয় যে উঁকি।”
কবিতায় উল্লেখিত ‘ঝুঁকি’ ও ‘উঁকি’ শব্দ দুটি কোন অলঙ্কারের ব্যবহারের উদাহরণ?
(A) অনুপ্রাস
(B) যমক
(C) শব্দশ্লেষ
(D) পুনুরক্তবদাভাস
উত্তর👈
(A) অনুপ্রাস
11. আঠারো বছর বয়স পদাঘাতে কি ভাঙতে চায়?
(A) দরয়াজা
(B) গেট
(C) পাথর বাধা
(D) সাম্রাজ্য
উত্তর👈
(C) পাথর বাধা
12. নিম্নলিখিতের মধ্যে কোন শব্দটি কবিতায় নেই?
(A) পুণ্য
(B) অভিন্ন
(C) কাঁদা
(D) শূন্য
উত্তর👈
(B) অভিন্ন
13. শূন্যস্থান পূরণ করুন-
“বাঙ্গের বেগে ———– মতো চলে।”
(A) নৌকার
(B) মোটরের
(C) এরোপ্লেনের
(D) স্টিমারের
উত্তর👈
(D) স্টিমারের
14. কোন বয়স জানে রক্তাদানের পুণ্য?
(A) সতেরো বছর
(B) পনেরো বছর
(C) আঠারো বছর
(D) একুশ বছর
উত্তর👈
(C) আঠারো বছর
15. আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা?
(A) সনেট
(B) পয়ার
(C) অক্ষরবৃত্ত
(D) মাত্রাবৃত্ত
উত্তর👈
(D) মাত্রাবৃত্ত
PART- V, LANGUAGE–II, BENGALI
যে-সব পরীক্ষার্থী বাংলা কে ভাষা-II হিসাবে নির্বাচিত করেছেন, তারা অবশ্যই ভাগ-V (121 থেকে 150 নং প্রশ্ন) এর উত্তর দেবেন।
নির্দেশঃ- নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) নিকটতম উত্তর নির্বাচন করুন।
একবার কলিকাতায় ডেঙ্গুজ্বরের তাড়ায় আমাদের বৃহৎ পরিবারের কিয়দংশ পেনেটিতে ছাতুবাবুদের বাগানে আশ্রয় লইল। আমরা তাহার মধ্যে ছিলাম।
এই প্রথম বাহিরে গেলাম। গঙ্গার তীরভূমি যেন কোন্ পূর্বজন্মের পরিচয়ে আমাকে কোলে করিয়া লইল। সেখানে চাকরদের ঘরটির সামনে গোটাকয়েক পেয়ারাগাছ। সেই ছায়াতলে বারান্দায় বসিয়া সেই পেয়ারাবনের অন্তরাল দিয়া গঙ্গার ধারার দিকে চাহিয়া আমার দিন কাটিত। প্রত্যহ প্রভাতে ঘুম হইতে উঠিবামাত্র আমার কেমন মনে হইত, যেন দিনটাকে একখানি সোনালিপাড়-দেওয়া নূতন চিঠির মতো পাইলাম। লেফাফা খুলিয়া ফেলিলে যেন কী অপূর্ব খবর পাওয়া যাইবে। পাছে একটুও কিছু লোকসান হয় এই আগ্রহে তাড়াতাড়ি মুখ ধুইয়া বাহিরে আসিয়া চৌকি লইয়া বসিতাম। প্রতিদিন গঙ্গার উপর সেই জোয়ারভাঁটার আসা যাওয়া, সেই কত রকম-রকম নৌকার কত গতিভঙ্গি, সেই পেয়ারাগাছের ছায়ার পশ্চিম হইতে পূর্বদিকে অপসারণ, সেই কোন্নগরের পারে শ্রেণীবদ্ধ বনান্ধকারের উপর বিদীর্ণবক্ষ সূর্যান্তকালের অজস্র স্বর্ণশোণিতপ্লাবন। এক-একদিন সকাল হইতে মেঘ করিয়া আসে; ওপারের গাছগুলি কালো; নদীর উপর কালো ছায়া; দেখিতে দেখিতে সশব্দ বৃষ্টির ধারায় দিগন্ত ঝাপসা হইয়া যায়, ওপারের তটরেখা যেন চোখের জলে বিদায়গ্রহণ করে; নদী ফুলিয়া উঠে এবং ভিজা হাওয়া এপারের ডালপালাগুলার মধ্যে যা-খুশি-তাই করিয়া বেড়ায়।
কড়ি-বরগা দেয়ালের জঠরের মধ্যে হইতে বাহিরের জগতে যেন নূতন জন্মলাভ করিলাম। সকল জিনিসকেই আর-একবার নূতন করিয়া জানিতে গিয়া, পৃথিবীর উপর হইতে অভ্যাসের তুচ্ছতার আবরণ একেবারে ঘুচিয়া গেল। সকালবেলায় এখোগুড় দিয়া যে বাসি লুচি খাইতাম, নিশ্চয়ই স্বর্গলোকে ইন্দ্র যে-অমৃত খাইয়া থাকেন তাহার সঙ্গে তার স্বাদের বিশেষ কিছু পার্থক্য নাই। কারণ, অমৃত জিনিসটা রসের মধ্যে নাই, রসবোধের মধ্যেই আছে এইজন্য যাহারা সেটাকে খোঁজে তাহারা সেটাকে পায়ই না।
1. অমৃত জিনিসটা কোথায় থাকে?
(A) সমুদ্রে
(B) খাবারের মধ্যে
(C) রসগোল্লার মধ্যে
(D) রসবোধের মধ্যে
উত্তর👈
(D) রসবোধের মধ্যে
2. “এই প্রথম বাহিরে গেলাম” আলোচ্য বাক্যে কোন জাতীয় ক্রিয়া পদ ব্যবহার করা হয়েছে?
(A) সকর্মক ক্রিয়া
(B) অকর্মক ক্রিয়া
(C) দ্বিকর্মক ক্রিয়া
(D) যৌগিক ক্রিয়া
উত্তর👈
(B) অকর্মক ক্রিয়া
3. আলোচ্য গদ্যে ডেঙ্গু জ্বরের তাড়ায় কথকের পরিবার কোথায় আশ্রয় নিয়েছিল?
(A) মুর্শিদাবাদে আদিল শাহের হাভেলীতে
(B) গৌরীসেনের বাড়িতে
(C) পেনেটিতে ছাতুবাবুদের বাগানে
(D) বীরভূমে শান্তিনিকেতনের আশ্রমে।
উত্তর👈
(C) পেনেটিতে ছাতুবাবুদের বাগানে
4. সকাল বেলায় কথক কি দিয়ে বাসি লুচি খেতেন?
(A) এখোগুড়
(B) রসগোল্লা
(C) চমচম
(D) বেগুন ভাজা
উত্তর👈
(A) এখোগুড়
5. সঠিক বাক্য নির্বাচন করুন।
(A) পাছে একটু কিছু লোকসান না হয় এই আগ্রহে তাড়াতাড়ি মুখ ধুইয়া বাহিরে আসিয়া চৌকি লইয়া বসিতাম।
(B) পাছে একটুও কিছু লোকসান না হয় এই জন্য তাড়াতাড়ি মুখ ধুইয়া বাহিরে আসিয়া চৌকি লইয়া বসিতাম।
(C) পাছে একটুও কিছু লোকসান না হয় এই আগ্রহে তাড়াতাড়ি বাহিরে আসিয়া মুখ ধুইয়া চৌকির উপর বসিতাম।
(D) পাছে একটুও কিছু লোকসান হয় এই আগ্রহে তাড়াতাড়ি মুখ ধুইয়া বাহিরে আসিয়া চৌকি লইয়া বসিতাম।
উত্তর👈
(D) পাছে একটুও কিছু লোকসান হয় এই আগ্রহে তাড়াতাড়ি মুখ ধুইয়া বাহিরে আসিয়া চৌকি লইয়া বসিতাম।
6. শূন্যস্থান পূরণ করুন-
“পৃথিবীর উপর হইতে ——— তুচ্ছতার ——— একেবারে ঘুচিয়া গেল।”
(A) মানুষের, চিহ্ন
(B) অভ্যাসের, আবরণ
(C) একালীন, প্রলেপ
(D) লোকেদের, অভ্যেস
উত্তর👈
(B) অভ্যাসের, আবরণ
7. আলোচ্য প্রবন্ধে কোন নদীর উল্লেখ করা হয়েছে?
(A) যমুনা
(B) আত্রেয়ী
(C) গঙ্গা
(D) সুবর্ণরেখা
উত্তর👈
(C) গঙ্গা
8. ‘জঠর’ শব্দের সঠিক প্রতিশব্দ নির্বাচন করুন।
(A) পিঠ
(B) পেট
(C) হাত
(D) মুখ
উত্তর👈
(B) পেট
নির্দেশ:- নিম্নলিখিত গদ্যটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
শেষ দৃশ্যের অভিনয় আরম্ভ হল। প্রথম খানিকটা অভিনয়ের পর মন্ত্রী এসে সভায় হাজির হবেন। এ কথা সে কথার পর তিনি রাজাকে সংবাদ দিলেন, “বারবার মহারাজে আশিস্ করিয়া, দেবদূত গেল চলি স্বর্গ অভিমুখে।” বলতে বলতেই হঠাৎ কোত্থেকে “আবার সে এসেছে ফিরিয়া” ব’লে একগাল হাসতে হাসতে দাশু একেবারে সামনে এসে উপস্থিত। হঠাৎ এ রকম বাধা পেয়ে মন্ত্রী তার বক্তৃতার খেই হারিয়ে ফেলল, আমরাও সকলে কি রকম যেন ঘাবড়িয়ে গেলাম অভিনয় হঠাৎ বন্ধ হবার যোগার হয়ে এল। তাই দেখে দাশু সর্দারি করে মন্ত্রীকে বলল, “বলে যাও কি বলিতেছিলে।” তাতে মন্ত্রী আরও কেমন ঘাবড়িয়ে গেল। রাখাল প্রতিহারী সেজেছিল, দাশুকে কি যেন বলবার জন্যে যেই একটু এগিয়ে গেছে, অমনি দাশু “চেয়েছিল জোর করে ঠেকাতে আমারে এই হতভাগা” বলে এক চাঁটি মেরে তার মাথার পাগড়ি ফেলে দিল। ফেলে দিয়েই সে রাজার শেষ বক্তৃতাটা – “এ রাজ্যতে নাহি রবে হিংসা অত্যাচার, নাহি রবে দারিদ্র যাতনা” ইত্যাদি নিজেই গড়গড় করে ব’লে গিয়ে, “যাও সবে নিজ নিজ কাজে” ব’লে অভিনয় শেষ করে দিল। আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম। ওদিকে ঢং করে ঘণ্টা বেজে উঠল আর ঝুপ্ করে পর্দাও নেমে গেল।
আমরা সব রেগে-মেগে লাল হয়ে দাশুকে তেড়ে ধরে বললাম, “হতভাগা, দ্যাখ দেখি সব মাটি করলি, অর্ধেক কথাই বলা হল না।” দাশু বলল, বা, তোমরা কেউ কিছু বলছ না দেখেই তো আমি তাড়াতাড়ি যা মনে ছিল সেইগুলো বলে দিলাম। তা না হলে তো আরো সব মাটি হয়ে যেত। “আমি বললাম, তুই কেন মাঝখানে এসে গোল বাধিয়ে দিলি? তাইতো সব ঘুলিয়ে গেল।” দাশু বলল, রাখাল কেন বলেছিল যে আমায় জোর করে আটকিয়ে রাখবে? তা ছাড়া তোমরা কেন আমায় গোড়া থেকে নিতে চাচ্ছিলে না আর ঠাট্টা করছিলে? আর রামপদ কেন বারবার আমার দিকে কটমট করে তাকাচ্ছিল? “রামপদ বলল, ওকে ধরে ঘা দু চার লাগিয়ে দে।”
দাশু বলল, “লাগাও না, দেখবে আমি এক্ষুনি চেঁচিয়ে সকলকে হাজির করি কি না?”
9. “বলে যাও কি বলিতেছিলে” একথা কে কাকে বলেছিল?
(A) দাশু বলেছিল মন্ত্রীকে
(B) রাজা বলেছিল সেনাপতিকে
(C) মন্ত্রী বলেছিল সান্ত্রীকে
(D) সেনাপতি বলেছিল দাশুকে
উত্তর👈
(A) দাশু বলেছিল মন্ত্রীকে
10. শূন্যস্থান পূরণ কর-
“রাখাল ————- সেজেছিল”
(A) সর্দার
(B) মন্ত্রী
(C) রাজা
(D) প্রতিহারী
উত্তর👈
(D) প্রতিহারী
11. ‘অত্যাচার’ শব্দের সঠিক সন্ধিবিচ্ছেদ নির্বাচন করুন।
(A) অত:+ আচার = অত্যাচার
(B) অতি + আচার = অত্যাচার
(C) অতী + অচার = অত্যাচার
(D) অত্ + আচার = অত্যাচার
উত্তর👈
(B) অতি + আচার = অত্যাচার
12. “হতভাগা, দ্যাখ দেখি সব মাটি করলি…” – ‘হতভাগা’ কি ধরণের সর্বনাম?
(A) প্রশ্নবাচক
(B) অ-নির্দেশক
(C) নির্দেশক
(D) ব্যক্তিবাচক
উত্তর👈
(D) ব্যক্তিবাচক
13. “আমরা কি করব বুঝতে না পেরে সব বোকার মতো হাঁ করে তাকিয়ে রইলাম”।
‘তাকিয়ে রইলাম’ এটি কোন ক্রিয়ার উদাহরণ?
(A) অকর্মক ক্রিয়া
(B) সকর্মক ক্রিয়া
(C) দ্বিকর্মক ক্রিয়া
(D) ক্রিয়া দ্বন্দ্ব
উত্তর👈
(A) অকর্মক ক্রিয়া
14. “ওকে ধরে ঘা দুচার লাগিয়ে দে” কে একথা বলেছিল?
(A) সেনাপতি
(B) রামপদ
(C) সতীশ
(D) দাশু
উত্তর👈
(B) রামপদ
15 আলোচ্য গদ্যে কোন ললিত কলার প্রসঙ্গ আছে?
(A) সঙ্গীত
(B) নৃত্য
(C) অভিনয়
(D) চিত্রকলা
উত্তর👈
(C) অভিনয়
অনুরূপ পাঠ
CTET Paper-II Bengali July 2019 MCQ প্রশ্ন ও উত্তর এর মতো ctet এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করে জেনে নাও—
