CTET Paper-II Bengali December 2019 এর প্রশ্নগুলির উত্তর করে দেওয়া আছে। Central Teacher Eligibility Test এর প্রশ্নগুলি কেমন ধরণের হতে পারে, সে ধারণা পেতে সালের প্রশ্নগুলির অনুশীলন করা জরুরী।
CTET এ যে দুটি Language রাখতে হয়, তার মধ্যে একটি বাংলা রাখতে পারেন। এ বিষয়ে খুব সহজেই score করতে পারবেন। বাংলাকে যদি Language I নির্বাচন করেন, তাহলে 91 থেকে 120 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর করতে হবে। আর আপনি যদি Language II নির্বাচন করেন তবে 121 থেকে 150 পর্যন্ত প্রশ্নগুলোর উত্তর করতে হবে। এখানে LANGUAGE–I এ গদ্য থেকে 9 এবং পদ্য থেকে 6 মোট 15 নম্বর এবং LANGUAGE–II এ দুটি গদ্যাংশ থেকে 8+7 মোট 15 নম্বর। অর্থাৎ LANGUAGE–I এবং LANGUAGE–II মিলিয়ে সর্বমোট 30 নম্বরের প্রশ্নোত্তর আলোচিত হয়েছে।
PART- IV, LANGUAGE–I, BENGALI
যে-সব পরীক্ষার্থী বাংলা কে ভাষা- I হিসাবে নির্বাচিত করেছেন, তাঁরা অবশ্যই ভাগ-IV (প্রশ্ন 91 থেকে 120 নং )-এর উত্তর দেবেন।
নির্দেশ:– নিম্নলিখিত গদ্যাংশটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (91 থেকে 99 নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
স্বর্গীয় সুরসেবক আলি আকবর খান সাহেবকে আমি বাবা বলেই সম্বোধন করতাম। তবে এই সম্বোধন কেন করতাম তার কারণ জানাতে গেলে আমার সংগীতশিক্ষার গোড়ার কথা বলতে হবে। আমি শিশুকাল থেকেই দেশপ্রিয় পার্কের ধারে মতিলাল নেহেরু রোডে অবস্থিত আমার মামার বাড়িতেই মানুষ হয়েছি। আমার মামার বাড়িতে বেশ ভালোরকমই সাংস্কৃতিক পরিবেশ ছিল। মা-র ঠাকুরদাদা বিহারীলাল বন্দ্যোপাধ্যায় ছিলেন চিত্রশিল্পী, তিনিই প্রথম ভারতীয় যিনি গ্লাস এচিং চর্চা করেন। মা-র এক পিসেমশাই প্রসাদ মুখোপাধ্যায় প্রখ্যাত চলচ্চিত্র অভিনেতা ছিলেন। আমার দিদিমা হিরন্ময়ী দেবী অল্পবিস্তর গান করতেন এবং ওঁর মামা ধীরেন্দ্রনাথ চক্রবর্তী বেনারসের নামকরা ঠুংরি গাইয়ে ছিলেন। আমার তিন মামা, দিব্যেন্দুসুন্দর, শুভেন্দুসুন্দর ও সৌমেন্দুসুন্দর, খেলাধুলা ছাড়াও গানবাজনা করতেন। তবে শখের গানবাজনা। বড়োমামা দিব্যেন্দুসুন্দর বেহালা বাজাতেন। ছোটোমামা সৌমেন্দুসুন্দর পণ্ডিত রাধিকামোহন মৈত্রেয়র কাছে সরোদ শেখার পাশাপাশি নানাবিধ অন্যান্য যন্ত্রও বাজাতেন, তার ভিতরে ইলেকট্রিক গিটার ছিল প্রধান। আমার মেজোমামা শুভেন্দুসুন্দর, যিনি শোভন নামে বেশি পরিচিত ছিলেন, তিনি যদিও রায় বাহাদুর কেশবচন্দ্র বন্দ্যোপাধ্যায়ের কাছে তবলা শিখেছিলেন কিন্তু নিজ প্রতিভায় সবরকম বাদ্যযন্ত্র অনায়াসে বাজাতে পারতেন। আমার মা আরাধনা বন্দ্যোপাধ্যায় চল্লিশ আর ষাটের দশকের মধ্যে অন্যতম জনপ্রিয় সুগায়িকা ছিলেন। মা-র গান গাওয়ার পেছনে আমার মেজোমামার অবদান অসীম। মা ছোটোবেলায় ছোটোমামার সঙ্গে ধ্রুপদ শিখতেন রামপুরের ওস্তাদ মহম্মদ উজীর খান সাহেবের পুত্র সগীর খাঁ সাহেবের কাছে। পরে পণ্ডিত চিন্ময় লাহিড়ী লখনউ থেকে কলকাতায় এসে পাকাপাকিভাবে বসবাস শুরু করার সময় থেকে মা তাঁর কাছে মার্গসংগীত এবং বাংলা রাগপ্রধান গান শেখেন; পরবর্তীকালে রত্নেশ্বর ও সিদ্ধেশ্বর মুখোপাধ্যায়ের কাছে অন্যান্য গান এবং পঞ্চানন ভট্টাচার্যের কাছে কীর্তন, দেবব্রত বিশ্বাস ও দ্বিজেন চৌধুরীর কাছে রবীন্দ্রসংগীত শেখেন। এর ফলে বাড়িতে গান-বাজনার ভালোরকম চর্চা ছিল। আমাদের বাড়ির দোতলায় যে বড়ো হল ঘর ছিল তাতে হেন শিল্পী নেই যাঁরা সংগীত পরিবেশন করেননি। বিখ্যাত সেতার বাদক লক্ষ্মণ ভট্টাচার্য মহাশয় শেষ দিকে মোটামুটি আমাদের বাড়িতেই থাকতেন। পণ্ডিত রবিশঙ্করজী যখন মাইহার থেকে কলকাতায় আসতেন সেতার জোয়ারি করাতে তখন অনেকটা সময় আমার মেজোমামার ঘরেই কাটাতেন। ফলে ওই অঞ্চলে আমাদের বাড়ি ‘গানের বাড়ি’ বলেই বিখ্যাত ছিল। এরপর ১৯৪১ সালে মা উত্তমকুমার অভিনীত প্রথম চলচ্চিত্র কামনা ছবিতে প্লেব্যাক গেয়ে খুব নাম করেন।
MCQ প্রশ্নোত্তর
CTET Paper-II Bengali December 2019 MCQ প্রশ্ন ও উত্তর গুলি নিচে দেওয়া হল। প্রশ্নের উত্তরগুলি সরাসরি না দিয়ে শিক্ষার্থীদের সুবিধার্থে উত্তরটি লুক্কায়িত আছে। পরীক্ষার্থীদের চেষ্টা করার সুযোগ আছে। উত্তরে Click👈 করলেই উত্তরটি দেখা যাবে।
1. আলোচ্য গদ্যে মোট কয়টি বাদ্যযন্ত্রের নাম উল্লেখ করা হয়েছে?
(A) 5টি
(B) 7টি
(C) 4টি
(D) 3টি
উত্তর👈
(C) 4টি
2. উত্তমকুমারের অভিনীত প্রথম চলচিত্রের নাম কি?
(A) অমর সঙ্গী
(B) দেওয়া নেওয়া
(C) কামনা
(D) ধন্যিমেয়ে
উত্তর👈
(C) কামনা
3. নিম্নলিখিতের মধ্যে সঠিক সন্ধিবিচ্ছেদ নির্বাচন করুন:
(A) সিদ্ধেশ্বর = সিদ্ + ঈশ্বর
(B) সিদ্ধেশ্বর = সিদ্ধ + ঈশ্বর
(C) সিদ্ধেশ্বর = সিদ্ধ + এশ্বর
(D) সিদ্ধেশ্বর = সিদ্ধ + ইশ্বর
উত্তর👈
(B) সিদ্ধেশ্বর = সিদ্ধ + ঈশ্বর
4. ফলে ওই অঞ্চলে আমাদের বাড়ি ‘গানের বাড়ি’ বলেই বিখ্যাত ছিল। রেখাঙ্কিত শব্দটি কোন ধরণের সর্বনামের উদাহরণ?
(A) সাকল্যবাচক সর্বনাম
(B) ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম
(C) সঙ্গতিবাচক সর্বনাম
(D) অনিশ্চয়সূচক সর্বনাম
উত্তর👈
(B) ব্যক্তিবাচক বা পুরুষবাচক সর্বনাম
5. সগীর খাঁ সাহেবের পিতার নাম কি ছিল?
(A) বাবা আলাউদ্দীন খান সাহেব
(B) মহম্মদ উজীর খান সাহেব
(C) বড়ে গুলাম আলি খান সাহেব
(D) দাবির হুসেন খান সাহেব
উত্তর👈
(B) মহম্মদ উজীর খান সাহেব
6. নিম্নলিখিত বিকল্পগুলির মধ্যে কোন বিকল্পের প্রতিটি নাম আলোচ্য গদ্যে আছে?
(A) দিব্যেন্দুসুন্দর, শুভসুন্দর, সৌমেন্দুসুন্দর
(B) দিব্যসুন্দর, শুভেন্দুসুন্দর ও সৌমসুন্দর
(C) দিব্যসুন্দর, শুভেন্দুসুন্দর ও সৌমেন্দুসুন্দর
(D) দিব্যেন্দুসুন্দর, শুভেন্দুসুন্দর ও সৌমেন্দুসুন্দর
উত্তর👈
(D) দিব্যেন্দুসুন্দর, শুভেন্দুসুন্দর ও সৌমেন্দুসুন্দর
7. পণ্ডিত রবিশঙ্কর-জী সেতার জোয়ারি করাতে মাইহার থেকে কোথায় আসতেন?
(A) মাদ্রাজে
(B) দিল্লিতে
(C) কলকাতায়
(D) মুম্বাই-এ
উত্তর👈
(C) কলকাতায়
8. সঠিক বাক্য নির্বাচন করুন –
(A) আমাদের বাড়ির দোতলায় যে বড়ো হল ঘর ছিল তাতে হেন শিল্পী নেই যাঁরা সংগীত পরিবেশন করেন নি।
(B) আমাদের বাড়ির দোতলায় যে হল ঘর ছিল তাতে যেন শিল্পী নেই যাঁরা সংগীত পরিবেশন করেন নি।
(C) আমাদের বাড়ির তেতলায় যে হল ঘর তাতে হেন শিল্পী নেই যারা সংগীত পরিবেশন করেন নি।
(D) আমাদের বাড়ির দুতলায় হল ঘরে হেন শিল্পী নেই যারা সংগীত পরিবেশন করেন নি।
উত্তর👈
(A) আমাদের বাড়ির দোতলায় যে বড়ো হল ঘর ছিল তাতে হেন শিল্পী নেই যাঁরা সংগীত পরিবেশন করেন নি।
9. ভারতে গ্লাস এচিং চর্চা কে প্রথম শুরু করেন?
(A) সমীন্দ্রনাথ ঠাকুর
(B) জগমোহন চক্রবর্তী
(C) হরপ্রসাদ শাস্ত্রী
(D) বিহারীলাল বন্দ্যোপাধ্যায়
উত্তর👈
(D) বিহারীলাল বন্দ্যোপাধ্যায়
নির্দেশ:– নিম্নলিখিত কবিতাটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (100 থেকে 105 নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
ভাবছি, ঘুরে দাঁড়ানোই ভাল
এত কালো মেখেছি দু হাতে
এত কাল ধরে।
কখনো তোমার করে, তোমাকে ভাবিনি।
এখন খাদের পাশে রাত্তিরে দাঁড়ালে
চাঁদ ডাকে আয়, আয়, আয়।
এখন গঙ্গার তীরে ঘুমন্ত দাঁড়ালে
চিতা কাঠ ডাকে আয়, আয়, আয়।
যেতে পারি,
যেকোনো দিকেই আমি চলে যেতে পারি
কিন্তু, কেন যাবো?
সন্তানের মুখ ধরে একটি চুমো খাবো
10. আলোচ্য কবিতায় ‘আয়’ শব্দটি কতবার ব্যবহার করা হয়েছে?
(A) 4 বার
(B) 9 বার
(C) 3 বার
(D) 6 বার
উত্তর👈
(D) 6 বার
11. কবিতার কথক কাকে চুমু খাওয়ার ইচ্ছা পোষণ করেছেন?
(A) সন্তান
(B) স্ত্রী
(C) ভাই
(D) মা
উত্তর👈
(A) সন্তান
12. শূন্যস্থান পূরণ করুন
“কখনো ———করে, ——– ভাবিনি।”
(A) তোমাকে, তোমার
(B) আমার, তোমাকে
(C) তোমার, তোমাকে
(D) তোমার, আমাকে
উত্তর👈
(C) তোমার, তোমাকে
13. ‘কিন্তু কেন যাবো?’- বাক্যটির প্রকৃতি কি?
(A) নিশ্চয়ার্থক বাক্য
(B) প্রশ্নবোধক বাক্য
(C) নিষেধমূলক বাক্য
(D) আজ্ঞাকারক বাক্য
উত্তর👈
(B) প্রশ্নবোধক বাক্য
14. নিম্নলিখিত বাক্যগুলির সঠিকক্রম নির্বাচন করুন:
ক. যেতে পারি
খ. এতকাল ধরে
গ. কিন্তু কেন যাবো
ঘ. এত কালো মেখেছি দুহাতে
(A) ক, গ, ঘ, খ
(B) খ, ঘ, ক, গ
(C) গ, খ, ঘ, ক
(D) ঘ, খ, ক, গ
উত্তর👈
(D) ঘ, খ, ক, গ
15. আলোচ্য কবিতাটি কোন ছন্দে লেখা?
(A) মহাপয়ার ছন্দ
(B) মিশ্রকলাবৃত্ত ছন্দ
(C) অমিত্রাক্ষের ছন্দ
(D) কলাবৃত্ত ছন্দ
উত্তর👈
(B) মিশ্রকলাবৃত্ত ছন্দ
PART- V, LANGUAGE–II, BENGALI
যে-সব পরীক্ষার্থী বাংলা কে ভাষা-II হিসাবে নির্বাচিত করেছেন, তারা অবশ্যই ভাগ-V (121 থেকে 150 নং প্রশ্ন) এর উত্তর দেবেন।
নির্দেশঃ- নিম্নে প্রদত্ত গদ্যাংশটি পড়ুন এবং সংশ্লিষ্ট প্রশ্নগুলির (121 থেকে 128 নং প্রশ্ন) নিকটতম উত্তর নির্বাচন করুন। CTET Paper-II Bengali December 2019
চুয়াত্তর সালের মাঝামাঝি আকাশবাণীতে বীরেন্দ্রকৃষ্ণ ভদ্রের শূন্য চেয়ারে বসে আমার প্রথম চিন্তা এল, যে করেই হোক, রেডিয়ো নাটককে ড্রয়িংরুম ড্রামার নাগপাশ থেকে মুক্ত করতে হবে। তখনকার কেন্দ্র-অধিকর্তা দিলীপ সেনগুপ্ত পরামর্শ দিলেন, ‘জগন্নাথ, তুমি বউ ভাগানো নাটক নিশ্চয়ই বন্ধ করবে।’ আমার নিরন্তর ভাবনাই ছিল তখন বেতার নাটকে সমসাময়িক বিষয় নিয়ে আসা, এফেক্ট সাউন্ড আবহকে নতুন মাত্রা দিয়ে প্রযোজনার কলাকৌশলকে সমৃদ্ধতর করা। বৈচিত্র্যবহুল পরীক্ষা-নিরীক্ষার সময় মাথায় এল, সত্যজিতের ‘সেপ্টোপাসের খিদে’ নাটকটি প্রযোজনা করতে হবে। সত্যজিৎবাবুর বিশপ লেফ্রয় রোডের ঠিকানায় গল্পটির একটি খসড়া নাট্যরূপ এবং চুক্তিপত্র আমরা পাঠিয়ে দিলাম। সত্যজিৎ পত্রপাঠ খসড়াটি ফেরত দিয়ে ওর নিজের তৈরি নাট্যরূপ (অবশ্যই বেতারের জন্য ওঁর প্রথম কাজ, হয়তো একমাত্র নয়) পাঠিয়ে দিলেন আমাদের দফতরে। সঙ্গে চুক্তিপত্রে জ্বলজ্বল করা ওঁর স্বাক্ষর ‘সত্যজিৎ রায়’। ফোনে ওঁকে জানিয়ে দিলাম ‘নাটকটা আমরা করছি।’ উনি বললেন- ‘তা হলে পেয়েছেন নাটকটা।’ ‘সেপ্টোপাসের খিদে’ গল্পটা ছিল একটা কার্নিভোরাস প্ল্যান্ট, মানে মাংসাশী গাছ নিয়ে। তার সাতটা শুঁড় ছিল। তাকে নিয়ে একটা গবেষণা করার ব্যাপার ছিল নাটকটাতে। গাছটা প্রথম প্রথম কীটপতঙ্গ খাওয়া শুরু করল। কীটপতঙ্গে যখন আর চলছে না, তখন আস্তে আস্তে সে মুরগির দিকে হাত বাড়াবার চেষ্টা করল এবং ধারণা করা হল আর কিছুদিনের মধ্যেই সে মানুষের দিকেও হাত বাড়াবে। নাটকটিতে শব্দ নিয়ে পরীক্ষা করবার অনেক সুযোগ ছিল। এতে যে রহস্য রোমাঞ্চ আছে, আমার মনে হয়েছিল, শ্রুতিমাধ্যমের পক্ষে তা খুব বেশি উপযুক্ত হবে। সেজন্যই চেষ্টা করছিলাম, যে করেই হোক নাটকটা করতেই হবে। সত্যজিৎবাবুর কাছ থেকে নাট্যরূপটা অবশ্য আমার
বাড়তি পাওনা। ক্ষুধার্ত ‘সেপ্টোপাস’ একটা সাঁই সাঁই শব্দ করে। সত্যজিৎবাবুকে ফোনে জিজ্ঞাসা করলাম,
‘এই যে, শব্দটা আপনি লিখেছেন চাবুকের শপাং শপাং শব্দ, এটা কি চাবুকের শব্দের মতো করেই ব্যবহার
করব?’ তখন সরাসরি উনি আমাকে বললেন, ‘আপনি তো কিছুই বোঝেননি দেখছি।’ মুখ দিয়ে বেরিয়ে গেল, ‘সেটা বুঝতে চাই বলেই একবার আপনার কাছে যেতে চাই।’
উনি বললেন, ‘আমার হাতে সময় নেই।’
1. সঠিক প্রত্যয় নির্বাচন করুন –
(A) খাওয়া = খ-√ও + আ
(B) খাওয়া = খাত্ ও + আ
(C) খাওয়া = √খা + আ (ওয়া)
(D) খাওয়া = খা+ √ইয়া
উত্তর👈
(C) খাওয়া = √খা + আ (ওয়া)
2. কার্নিভোরাস শব্দের অর্থ-
(A) মাংসাশী
(B) তৃণহারী
(C) শাকাহারী
(D) ফলাহারী
উত্তর👈
(A) মাংসাশী
3. ‘সেপ্টোপাসের খিদে’ নাটকটির রচয়িতা কে?
(A) সুকুমার রায়
(B) সন্দীপ রায়
(C) অন্নদাশঙ্কর রায়
(D) সত্যজিৎ রায়
উত্তর👈
(D) সত্যজিৎ রায়
4. শূন্যস্থান পূরণ করুন-
আমার ———- ভাবনাই ছিল তখন বেতার নাটকে ——– বিষয় নিয়ে আসা।
(A) নিয়ত, সমসাময়িক
(B) নিরন্তর, সমসাময়িক
(C) নিরন্তর, সমকালীন
(D) নিয়ন্ত, সমকালীন
উত্তর👈
(B) নিরন্তর, সমসাময়িক
5. নিম্নলিখিতের মধ্যে সঠিক সন্ধিবিচ্ছেদ নির্বাচন করুন-
(A) নিশ্চয় নি + চয়
(B) নিশ্চয় = নি+ অচয়
(C) নিশ্চয় = নিঃ+ চয়
(D) নিশ্চয় = নিশ + চয়
উত্তর👈
(C) নিশ্চয় = নিঃ+ চয়
6. সেপ্টোপাসের কয়টি শুঁড় ছিল?
(A) 6 টি
(B) 14 টি
(C) 17 টি
(D) 7 টি
উত্তর👈
(D) 7 টি
7. আলোচ্য গদ্যে উল্লেখিত নাটকটি কেন শ্রুতিমাধ্যমের পক্ষে খুব বেশি উপযুক্ত বলে মনে হয়েছিল?
(A) এতে রহস্য রোমাঞ্চ থাকায়
(B) এতে রোমান্স থাকায়
(C) এতে স্যাটায়ার থাকায়
(D) এতে হরর উপাদান থাকায়
উত্তর👈
(A) এতে রহস্য রোমাঞ্চ থাকায়
8. আলোচ্য গদ্য কথকের নাম কি?
(A) দিলীপ
(B) জগন্নাথ
(C) রমেশ
(D) গজেন্দ্র
উত্তর👈
(B) জগন্নাথ
নির্দেশ:- নিম্নলিখিত গদ্যাংশটি পাঠ করে সংশ্লিষ্ট প্রশ্নগুলির (129 থেকে 135 নম্বর প্রশ্ন) সঠিক উত্তর নির্বাচন করুন।
সুইটজারল্যাণ্ডের মত দেশেও লোকে সংস্কৃত পড়ে, ভারতবর্ষ সম্বন্ধে সুইসদের কৌতুহলও আছে-যদিও সে দেশে মাত্র একটি বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পড়ানো হয় ও তাতে সংস্কৃতের অধ্যাপক কুল্লে একজনই। সেই অধ্যাপকটি এসেছেন এদেশে সেদিন দেখা হল এখানে। অমায়িক লোক, চেহারাটি খাবসুরৎ, ইংরেজি বলেন ভাঙা-ভাঙা, নিজের ভুলে নিজেই হেসে ওঠেন। ভারতবর্ষের নীল আকাশ, সোনালি রোদ আর সবুজ ঘাসের যা তারিফ করলেন তা শুনে আমি লাজুক হাসি হেসে ‘হ্যাঁ’, হ্যাঁ করে গেলুম, এমনি কায়দায় যেন এগুলো নিতান্ত আমারই হাতে গড়া, এগজিবিশানে ছেড়েছি, দুচার পয়সা পেলে বিক্রি করতেও রাজী আছি। সুইটজ্যারল্যাণ্ডের পাল্টা প্রশংসাও করলুম, ‘অহো, কী চমৎকার শাদা বরফ, নীল সরোবর আর চকচকে ঝকঝকে বাড়িঘর দোর।’ সায়েব হাসিমুখে অনেক ধন্যবাদ দিলেন।
জিজ্ঞেস করলুম, ‘সায়েব, তোমার দেশে সংস্কৃত এগোচ্ছে কি রকম?’
সাহেব বললেন, ‘মন্দ না, তবে কেতাবপত্রের বড় অভাব। আর সংস্কৃত ক’টা ছেলে পড়ে না-পড়ে সেইটেই তো আসল কথা নয়। আসল কথা হচ্ছে, ভারতবর্ষ সম্বন্ধে পাঁচজন সুইসের জ্ঞানগম্যি কতটুকু। সুইসরা ভাবে, ভারতবর্ষ দেশটা সাপে-বাঘে ভর্তি, মধ্যিখানে হরেকরকমের সাধু-সন্ন্যাসী আর ফকির-বৈরাগী ঘুরে বেড়াচ্ছে-তাদের ঝোলা থেকে হরবকত হরেকরকমের সাপ লাফ দিয়ে দিয়ে বেরোচ্ছে। ভারতবর্ষ সম্বদ্ধে সাধারণ জ্ঞান দেবার মত প্রামাণিক বই কেউ তো লেখে না যেগুলো সাধারণ সুইস পড়তে পারে। ইংরিজি জানে ক’টা সুইস?’
এই খেই ধরে দু’দণ্ড রসালাপ হ’ল।
9. “নীল আকাশ, সোনালি রোদ আর সবুজ ঘাস” রেখাঙ্কিত শব্দগুলি কিসের উদাহরণ?
(A) বিশেষ্য
(B) বিশেষণ
(C) সর্বনাম
(D) ক্রিয়া
উত্তর👈
(B) বিশেষণ
10. সুইটজারল্যাণ্ডের কয়টি বিশ্ববিদ্যালয়ে সংস্কৃত পড়ানো হয়?
(A) 4 টি
(B) 3 টি
(C) 2 টি
(D) 1 টি
উত্তর👈
(D) 1 টি
11. সুইটজারল্যাণ্ডের অধ্যাপকের মুখে ভারতবর্ষের প্রশংসা শুনে কথক কি করলেন?
(A) সুইটজারল্যাণ্ডের পাল্টা প্রশংসা করলেন।
(B) নিশ্চুপ থাকলেন।
(C) সুইটজারল্যাণ্ডের নিন্দা করলেন।
(D) আনন্দে নৃত্য করলেন।
উত্তর👈
(A) সুইটজারল্যাণ্ডের পাল্টা প্রশংসা করলেন।
12. ‘হরবকত’ শব্দটির প্রকৃতি কি?
(A) তৎসম
(B) বিদেশি
(C) দেশ
(D) তৎভব
উত্তর👈
(B) বিদেশি
13. সংস্কৃত অধ্যাপকের চেহারাটি কেমন ছিল?
(A) কুৎসিত
(B) বদলোকের
(C) সাধারণ
(D) খাবসুরৎ
উত্তর👈
(D) খাবসুরৎ
14. “মধ্যিখানে হরেকরকমের সাধু-সন্ন্যাসী আর ফকির বৈরাগী ঘুরে বেড়াচ্ছে।”-
রেখাঙ্কিত শব্দদ্বয় কোন ধরণের শব্দের উদাহরণ
(A) দ্রুত অর্থবোধকহীন শব্দ
(B) সমার্থক শব্দযোগে গঠিত দিরুক্ত শব্দ
(C) স্বল্প অর্থবোধক শব্দ
(D) বিপরীত অর্থবোধক শব্দযোগে গঠিত
উত্তর👈
(B) সমার্থক শব্দযোগে গঠিত দিরুক্ত শব্দ
15 সঠিক বাক্য নির্বাচন করুন –
(A) ‘ওহো, কী চমৎকর শাদা বরফ, নীল সরোবর আর চকচকে বাড়িঘরদোর।’
(B) ‘অহো, কী সুন্দর শাদা বরফ, নীল সরোবর আর চকচকে ঝকঝক বাড়িঘর।’
(C) ‘অহো, কী চমৎকার শাদা বরফ, নীল সরোবর আর চকচকে ঝকঝকে বাড়িঘর দোর।’
(D) ‘অহো, কী চমৎপ্রদ শাদা বরফ, নীর সরোবর আর ঝকঝকে বাড়িঘরদোর।’
উত্তর👈
(C) ‘অহো, কী চমৎকার শাদা বরফ, নীল সরোবর আর চকচকে ঝকঝকে বাড়িঘর দোর।’
অনুরূপ পাঠ
CTET Paper-II Bengali December 2019 MCQ প্রশ্ন ও উত্তর এর মতো ctet এর অনুরূপ পাঠগুলি জানতে নিম্নের Link এ Click করে জেনে নাও—
